টঙ্গী বিসিক শিল্প নগরী মালিক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক এহসানুল হক সেলিমকে অব্যাহতি দিয়ে মোহাম্মদ দেলোয়ার হোসেনকে নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে টঙ্গী বিসিক শিল্প এলাকার টাম্পাকো ফয়েলস লিমিটেডের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন টঙ্গী বিসিক শিল্প নগরী মালিক কল্যাণ সমিতির সভাপতি ও টাম্পাকো গ্রুপের চেয়ারম্যান সৈয়দ তানভীর হোসেন।
সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনিক্স হোম টেক্সস রিম ডাইংয়ের চেয়ারম্যান রোকনউদ্দিন আহমেদ, টাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাফিউস সামি আলমগীর, গোল্ডস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হোসেন সিআইপি-সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিল্প মালিকরা।

সভাপতির বক্তব্যে সৈয়দ তানভীর হোসেন বলেন, টঙ্গী বিসিক শিল্প নগরী মালিক কল্যাণ সমিতি শিল্প মালিকদের কল্যাণে কাজ করার লক্ষ্যে গঠিত একটি সংগঠন। তাঁর বক্তব্য অনুযায়ী, দায়িত্ব পালনকালে সাধারণ সম্পাদক এহসানুল হক সেলিম বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন, যা শিল্প মালিকদের স্বার্থের পরিপন্থী।
তিনি বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে সভায় সর্বসম্মতিক্রমে এহসানুল হক সেলিমকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং মোহাম্মদ দেলোয়ার হোসেনকে নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন নেতৃত্ব শিল্প মালিকদের স্বার্থ ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন সমিতির সভাপতি।