রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ ‘সক্রিয় সদস্যকে’ আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। তবে আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

খুদে বার্তায় বলা হয়, রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় এই অভিযান চালানো হয়। আটক ৪০ ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এই অভিযান চালানো হয়।

সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পুলিশ জানায়, কোথাও কোথায় মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪০১

অন্যদিকে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ২৬টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ধারালো অস্ত্র, মাদকদ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।